ছেলেকে খুঁজতে বাড়ির বাইরে গেলেন মা, আঁতকে উঠলেন ভয়ঙ্কর দৃশ্য দেখে
ঘরে রাতের খাবারের আয়োজন করছিলেন শারমেইন লি। রান্না শেষ হওয়ার কিছু ক্ষণ পর ছেলেকে ডাকলেন তিনি। খাবার পরিবেশন করবেন, দেরি হলে খাবার ঠান্ডা হয়ে যাবে যে! কিন্তু কোথায় ছেলে? তার স্বামীই বা কোথায়? অনেক ক্ষণ ডাকাডাকি করার পর সাড়া না পাওয়ায় বাড়ির বাইরে গেলেন শারমেইন। চোখের সামনে তখন এক ভয়াবহ দৃশ্য। ইটের স্তূপের তলায় চাপা পড়ে রয়েছে তার ছেলে এবং স্বামীর শরীর।
গত শুক্রবার (২১ অক্টোবর) ইংল্যান্ডের এসেক্সে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
শারমেইনের ছেলে স্কট সোয়ালে ড্যানিয়েল স্টিভেনস। বয়স ১২ বছর। বাবার সঙ্গে বাড়ির লাগোয়া বাগান পরিচর্যা করছিল স্কট। ঠিক তখনই বাগানের গ্যারেজের দেওয়াল ভেঙে পড়ে তাদের উপর। টানা দু’ঘণ্টা তারা ওই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে থাকেন। বাড়ির বাইরে হওয়ায় দেওয়াল ভাঙার আওয়াজ পাননি শারমেইন।
আরো পড়ুন>> পরীক্ষায় নকল রুখতে শিক্ষার্থীদের ‘অদ্ভুত টুপি’ পরার নির্দেশ দিলেন শিক্ষিকা
নৈশভোজের জন্য ডাক দিয়ে সাড়া না পেয়ে বাগানের দিকে এগিয়ে যান তিনি। ভয়াবহ দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। দমকলকর্মীরা এসে ধ্বংসস্তূপ থেকে বাবা এবং ছেলেকে উদ্ধার করেন। শারমেইনের স্বামী হাতে গুরুতর আঘাত পান। কিন্তু তাদের ছেলেকে বাঁচানো যায়নি। মৃত অবস্থায় পাওয়া যায় স্কটকে।
শারমেইন এবং তার স্বামী দু’জনেই পুত্রশোকে কাতর। তারা জানিয়েছেন, এই কঠিন সময়ে তারা একা থাকতে চান, নিজেদের মতো থাকতে চান।