সিউলের মেট্রোপলিটন সরকার জানায়, ইথাওনের পদদলিত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৫ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। এ তথ্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এক ঘণ্টা আগে দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টায় রাজধানী সিউলের ইথেওন এলাকায় পদদলিত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় আরো আহত রয়েছেন ৮২ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
বিবিসি ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন। এ ঘটনার কারণ অনুসন্ধান করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
হ্যালোইন উৎসব উদযাপনের জন্য আকর্ষণীয় জায়গা হিসেবে পরিচিত সিউলের ইথেওন এলাকায় শনিবার রাতে লাখের বেশি মানুষ জড়ো হন। কারণ, ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এরপর প্রথম মাস্ক ছাড়াও উৎসবের আয়োজন হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সড়কের ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। ঘটনাস্থলের পাশে একটি ভবনে অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় মানুষের স্তুপ দেখা গেছে। তাদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা।