ভারতে বহুদেশীয় বিমান মহড়া, অংশ নিচ্ছে ৮ দেশ
ভারতের যোধপুরে শুরু হয়েছে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) আয়োজনে বহুদেশীয় সামরিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’। ‘পাওয়ার ইন পার্টনারশিপ’ বা ‘অংশীদারিতে শক্তি’ প্রতিপাদ্যে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এবারের মহড়া।
ভারতসহ আটটি দেশের বিমানবাহিনী এতে অংশ নিচ্ছে। স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ফ্রান্স, জার্মানি ও শ্রীলঙ্কার বিমানবাহিনী মহড়ায় অংশ নিচ্ছে। পাশাপাশি ৩২টি দেশ পর্যবেক্ষক হিসেবে যুক্ত রয়েছে।
.png)
মহড়ার অন্যতম লক্ষ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা বাড়ানো, যৌথভাবে সামরিক অভিযান পরিচালনার অভিজ্ঞতা অর্জন এবং পরিচালনাগত দক্ষতা বিনিময় করা। মহড়ায় আকাশ প্রতিরক্ষা, রিকনাইস্যান্স, বিমান পরিবহন, আকাশে জ্বালানি সরবরাহসহ বিভিন্ন জটিল সামরিক কার্যক্রমের অনুশীলন করা হচ্ছে।
এবারের মহড়ায় বিভিন্ন দেশের অত্যাধুনিক যুদ্ধবিমান ও সামরিক বিমান অংশ নিচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এফ-৩৫, ফ্রান্সের রাফাল, ইউএইর এফ-১৬ এবং বাংলাদেশের সি-১৩০জে রয়েছে। ভারতের রাফাল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ ও সুখোই-৩০এমকেআইও মহড়ায় অংশ নিচ্ছে।
মহড়ার মাধ্যমে আধুনিক যুদ্ধপরিস্থিতিতে বিভিন্ন দেশের বিমানবাহিনীর সমন্বিতভাবে অভিযান পরিচালনা, কৌশলগত পরিকল্পনা এবং প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহারের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। মহড়ায় আকাশযুদ্ধের পাশাপাশি সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, নির্ভুল অস্ত্র ব্যবহারের কৌশল, মানববিহীন ব্যবস্থা ও বহুক্ষেত্রভিত্তিক অভিযানের মতো বিষয়ও গুরুত্ব পাচ্ছে।
সামরিক অনুশীলনের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আয়োজনও রাখা হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।
‘তরঙ্গ শক্তি’ মহড়ার প্রথম সংস্করণ ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৬ সালের আয়োজনটি এ মহড়ার দ্বিতীয় সংস্করণ।