ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাড্ডা হামলার পর ৫ থানায় পুলিশ কর্মকর্তাদের বদলি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা হামলার পর ৫ থানায় পুলিশ কর্মকর্তাদের বদলি
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও চার থানার অপারেশন ও তদন্ত শাখায় কর্মরত পরিদর্শকদের বদলি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব বদলি করা হয়।

Advertisement

আদেশ অনুযায়ী, মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. রাজীব হোসেনকে শাহআলী থানার ওসি করা হয়েছে। এ ছাড়া লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, ক্যান্টনমেন্ট থানার অপারেশনে থাকা সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন, মুগদা থানার তদন্ত কর্মকর্তা শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত এবং লাইনওয়ারের পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে ২৬ সেপ্টেম্বর এক অফিস আদেশে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ওই আদেশে বদলির কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছিল।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর এ পরিবর্তন এলো। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশ খবর পাওয়ার পর সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে দারুসসালাম এলাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোনো পুলিশ সদস্যের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন ডিএমপি কমিশনার।

এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করেছে পুলিশ বলে জানিয়েছে ডিএমপি।

গত ২৫ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে প্রতিষ্ঠানটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহআলী থানায় মামলা করেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!