ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না: নাহিদ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না: নাহিদ
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর মব বা বিশৃঙ্খলা থাকবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—বিএনপির পক্ষ থেকে এমন কথা বলা হয়েছিল।

তবে বাস্তবে সে পরিস্থিতি দেখা যাচ্ছে না বলে দাবি করেন তিনি। তার মতে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে এনসিপির কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আড়াই হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ পড়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ না থাকলে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা উচিত।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও দখলের ঘটনাকে বিএনপির ধারাবাহিক চাঁদাবাজির অংশ বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা এর আগে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য নিয়েও সমালোচনা করেন নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি; বরং সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরা হয়েছে বলে তিনি মনে করেন।

নাহিদ ইসলামের অভিযোগ, দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টিও প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যথাযথভাবে তুলে ধরেননি।

এ ছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড, সীমান্তে পুশইন, রোহিঙ্গা সংকট এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রত্যাশিত আলোচনা হয়নি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের সংকট, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন বলে সরকারি সূত্র ও বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!