সাত ইসলামী দলের ২৪ সদস্যের লিয়াজোঁ কমিটি
মতপার্থক্য দূর করে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কওমি ধারার সাতটি ইসলামী দলের নেতারা বৈঠক করেছেন। দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে ২৪ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
.png)
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, সাত দলের ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে ২৪ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি দলকে তাদের প্রতিনিধিদের নাম দুই দিনের মধ্যে হেফাজতে ইসলামের মহাসচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।
তবে লিয়াজোঁ কমিটি গঠন ও বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।