রাড্ডা সেন্টার পুনর্নির্মাণের দাবি জামায়াতের
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রতিষ্ঠানটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর-কাফরুল ও পল্লবী অঞ্চলের উদ্যোগে আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এ দাবি জানান।
.png)
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার প্রসঙ্গে রেজাউল করিম বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে। তাঁর অভিযোগ, সরকারি দলের সংরক্ষিত আসনের এক সংসদ সদস্যের নাম এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে এবং ওই সংসদ সদস্য ও দলীয় ব্যক্তিরা হামলা ও লুটপাটে জড়িত।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বা তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারের কথাও জানিয়েছে।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তিনি দাবি করেন, পুলিশের উপস্থিতির মধ্যেই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের কোনো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দেওয়া বক্তব্য বাস্তবায়ন দেখতে চান তিনি। এরই মধ্যে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।
রেজাউল করিম বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গভীর রাতে জবরদখল ও জমি দখলের চেষ্টা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি পুনর্নির্মাণের ব্যয় হামলাকারীদের কাছ থেকে জরিমানা হিসেবে আদায় করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি পুনর্নির্মাণে উদ্যোগ নিতে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তিনি।
সমাবেশে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে হামলার বিষয়েও কথা বলেন রেজাউল করিম। তাঁর দাবি, এ ধরনের ঘটনা দেশি-বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থার কাছে দেশের ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠান পরিচালনার পরিবেশ সম্পর্কে নেতিবাচক বার্তা দিতে পারে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, লুটপাট, অপহরণ ও দখলের মতো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে প্রতিষ্ঠানটির স্থাপনাও ভেঙে ফেলা হয়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করেছে।
সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং মিরপুর অঞ্চল পরিচালক মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি এবং কাফরুল অঞ্চল পরিচালক ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পল্লবী অঞ্চল পরিচালক নাসির উদ্দীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শহিদুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।