ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

নতুন স্মার্টফোন আনছে নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২১, ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন স্মার্টফোন আনছে নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল
সংগৃহীত ছবি

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল ‘HMD’ ব্র্যান্ড নামে স্মার্টফোন ও ফিচার ফোনের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারতের বাজারে নতুন স্মার্টফোন আনছে প্রতিষ্ঠানটি। আগামী ২৯ সেপ্টেম্বর দেশটিতে উন্মোচন করা হবে HMD Vibe 2 Pro।

লঞ্চের আগে ফোনটির ডিজাইন, রঙ ও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ করেছে এইচএমডি। এটি প্রতিষ্ঠানটির Vibe সিরিজের দ্বিতীয় মডেল। ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেলের Sony IMX682 প্রধান ক্যামেরা এবং ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। ফোনটি ভারতের বাজারে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে।

Advertisement

ফ্লিপকার্টে ইতোমধ্যে ফোনটির জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট চালু করা হয়েছে। HMD Vibe 2 Pro পাওয়া যাবে অ্যাকোয়া গ্রিন, কসমিক পার্পল ও সিলভার মিস্ট—এই তিন রঙে। তবে ভারতীয় বাজারে ফোনটির দাম এখনো জানানো হয়নি। ২৯ সেপ্টেম্বর লঞ্চের দিন দাম ও বিক্রির অন্যান্য তথ্য প্রকাশ করা হবে।

ফোনটিতে থাকছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এতে সর্বোচ্চ ১২০Hz রিফ্রেশ রেট সমর্থন করবে। ফলে স্ক্রলিং, অ্যানিমেশন ও সমর্থিত গেমিংয়ের সময় তুলনামূলক মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে। আগের Vibe 2 5G মডেলের ৬.৭ ইঞ্চি ডিসপ্লের তুলনায় নতুন ফোনটির পর্দা কিছুটা বড়।

পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ থাকছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে।

ব্যাটারির দিক থেকেও ফোনটিতে রয়েছে বড় আপগ্রেড। HMD Vibe 2 Pro-তে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ৩৩W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সুবিধা থাকছে। আগের Vibe 2 5G মডেলেও একই ক্ষমতার ব্যাটারি ছিল, তবে সেটিতে ১৮W চার্জিং সমর্থন করত।

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর প্রধান ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেলের Sony IMX682 সেন্সর ব্যবহার করা হয়েছে। সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। আগের Vibe 2 5G মডেলের ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার তুলনায় নতুন ফোনে ক্যামেরার রেজোলিউশন বাড়ানো হয়েছে।

সফটওয়্যারের ক্ষেত্রে HMD Vibe 2 Pro সরাসরি অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে বাজারে আসবে। এতে এইচএমডির ইন্ডাস এআই সুবিধাও থাকছে। প্রতিষ্ঠানটির দাবি, এই এআই ব্যবস্থা ২২টি ভারতীয় ভাষা সমর্থন করতে পারে। ভারতীয় ব্যবহারকারীদের জন্য ভাষাভিত্তিক এআই সুবিধা দেওয়াই এর অন্যতম লক্ষ্য।

চলতি বছরের মে মাসে ভারতে HMD Vibe 2 5G উন্মোচন করেছিল এইচএমডি। ফোনটির প্রাথমিক দাম ছিল ১০ হাজার ৯৯৯ রুপি। নতুন Vibe 2 Pro-তে ডিসপ্লে কিছুটা বড় হওয়ার পাশাপাশি প্রধান ক্যামেরার রেজোলিউশন ৫০ থেকে ৬৪ মেগাপিক্সেলে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে চার্জিং সক্ষমতা ১৮W থেকে বেড়ে ৩৩W হয়েছে।

তবে HMD Vibe 2 Pro-এর দাম এখনো প্রকাশ করা হয়নি। ফলে ২৯ সেপ্টেম্বর ভারতের বাজারে ফোনটি উন্মোচনের পরই এর মূল্য ও কোন দামের সেগমেন্টে এটি অবস্থান করছে, তা জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!