ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্ববাজারে পুনরায় বাড়ল তেলের দাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে পুনরায় বাড়ল তেলের দাম
ছবি: সংগৃহীত

ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পরবর্তী পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। সর্বশেষ হিসাবে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৮০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ২২ ডলারে উঠেছে।

Advertisement

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাত দিনের একটি প্রস্তাবের কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়া এবং ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করা সম্ভব।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করা, ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং যুদ্ধবিরতি কার্যকর করা। প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক পদক্ষেপগুলো সম্পন্ন হওয়ার পর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সপ্তম দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা শুরুর কথা বলা হয়।

তবে ইরানের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরান একটি চুক্তির প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সংঘাতের কারণে এ পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগের অগ্রগতি এবং প্রণালিটির স্বাভাবিক নৌ চলাচল তেলের বাজারের ওপরও প্রভাব ফেলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!