প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দিলেন বাইডেন
যুক্তরাষ্ট্র্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে ‘গণতন্ত্রের জন্য ভালো’ উল্লেখ করে আবারো প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের আগ্রহ প্রকাশ করেছেন জো বাইডেন। তবে এ বিষয়ে আগামী বছরের শুরুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
হোয়াইট হাউসের কর্মকর্তারা মনে করেন, এবারের মধ্যবর্তী নির্বাচনে বাইডেনের সহকর্মী ডেমোক্র্যাটরা প্রত্যাশার চেয়ে ভালো করছেন।
চলতি মাসে ৮০ বছরে গড়াবে জো বাইডেনের বসয়। তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, অনেক সময় সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।
.png)
বাইডেনের একজন উপদেষ্টা বলেন, ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার প্রস্তুতিমূলক আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে।
হোয়াইট হাউসে স্ত্রী জিল বাইডেনকে পাশে নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, আমাদের আবার প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা আছে। এটাই আমাদের চাওয়া। তবে শেষ পর্যন্ত এটা পারিবারিক সিদ্ধান্ত।
মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, স্ত্রী জিল বাইডেনও চান তিনি আগামী নির্বাচনে লড়বেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করছি না।
জো বাইডেন বলেন, আমার সিদ্ধান্তের সঙ্গে রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার কোনো সম্পর্ক নেই।
আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ক্ষমতায় আসার প্রথম দুই বছর ধরেই মার্কিন গণতন্ত্রের ওপর বিভিন্ন ধরনের হুমকি নিয়ে সতর্ক করেছেন জো বাইডেন। গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলা ও নির্বাচনে তার জয়কে মেনে না নেয়ার পর থেকে এ সতর্ক বার্তা দিচ্ছেন তিনি।