যুক্তরাষ্ট্রের বাণিজ্য খাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভাব ঘটে চীনের। সেই বাণিজ্যের প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে প্রশান্ত মহাসাগরে প্রভাব ও তাইওয়াসহ দ্বীপ রাষ্ট্রগুলোতে যুক্তরাষ্ট্রের প্রভাবে লাগাম টানছে চীন। এতে দুটি দেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছিল। তবে হঠাৎ চীনের প্রতি সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত চায় না। বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও জানেন। স্থানীয় সময় বুধবার নিজের শীর্ষ সামরিক উপদেষ্টাদের সঙ্গে করা বৈঠকে তিনি এ কথা বলেন।
.png)
বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থেকে শুরু করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন পর্যন্ত বেশ কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক নেতৃত্ব অব্যাহত রাখবে। তবে চীনের সঙ্গে আমরা বিরোধ চাই না।
অথচ গত ১৮ সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বাইডেন বলেন, চীন তাইওয়ানে হামলা চালালে মার্কিন বাহিনী ভূখণ্ডটিকে রক্ষা করবে।
বাইডেন ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটি আরো স্পষ্ট করতে মার্কিন বাহিনী চীনের আক্রমণের ক্ষেত্রে তাইওয়ানকে রক্ষা করবে কিনা তা জিজ্ঞাসা করা হলে, মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন: ‘হ্যাঁ।’
এর আগে, মে মাসে জো বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাইওয়ানকে রক্ষায় তিনি সামরিকভাবে সংশ্লিষ্ট হতে ইচ্ছুক কিনা। তিনি উত্তর দিয়েছিলেন: ‘হ্যাঁ ... এটাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি।
উল্লেখ্য, তাইওয়ানতে নিজেদের একটি বিচ্ছিন্ন অঞ্চল হিসেবে দেখে আসছে চীন। তাইওয়ানকে নিজেদের এলাকা ও প্রদেশ বলে দাবি করে বেইজিং। মূলত তাইওয়ান প্রাণালী চীন থেকে তাইওয়ান দ্বীপকে আলাদা করেছে।