ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, শুক্রবার সকালে কিয়েভের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মস্কো।
এর আগে, বৃহস্পতিবার সমুদ্র জল ও আকাশ থেকে ইউক্রেনে ১২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া। ঐ হামলায় দেশটির বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। ২৪ ঘণ্টা পার না হতেই আবার হামলার ঘটনা ঘটলো।
.png)
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, কিয়েভের স্থানীয় সরকার রাত ২টায় টেলিগ্রামে সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কতা জারি করে এবং তাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানায়।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, দক্ষিণ কিয়েভের ২০ কিলোমিটার দূরে বিস্ফোরণ ও বিমান বিধ্বংসী গোলার শব্দ শোনা যায়।
কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা হামলার ব্যাপারে টেলিগ্রামে বলেন, ড্রোন দিয়ে হামলা চলছে। কয়েক ঘণ্টা পর তিনি আবার বলেন, অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
তিনি আরো বলেন, ‘রাতে কামিকাজি ড্রোন দিয়ে রাশিয়া আরেকবার আমাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোন প্রতিহত করেছে। কোনো হতাহত নেই। জরুরি পরিষেবা সার্ভিস হামলাস্থলে কাজ করছে।
হামলার ব্যাপারে পরবর্তীতে কিয়েভে সামরিক প্রশাসন জানায়, রাতে পাঁচটি ড্রোন দিয়ে হামলা করেছে রাশিয়া। সবগুলোই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কিন্তু একটি ড্রোনের ছোড়া গোলা হোলোসিভের সরকারি ভবনে আঘাত হানতে সক্ষম হয়। এতে ভবনটি ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের বাড়িগুলোর জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।