ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ যুদ্ধবিমানের আঘাতে কৃষ্ণসাগরে বিধ্বস্ত মার্কিন ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪, ১৫ মার্চ ২০২৩
রুশ যুদ্ধবিমানের আঘাতে কৃষ্ণসাগরে বিধ্বস্ত মার্কিন ড্রোন
সংগৃহীত ছবি

রাশিয়ার যুদ্ধবিমানের ধাক্কায় একটি মার্কিন ড্রোন কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার একটি রুশ সুখোই-২৭ জেট বিমানের সঙ্গে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ধাক্কা লাগে। ফলে ড্রোনটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এই প্রথম এমন ঘটনা ঘটল।

মার্কিন সামরিক বাহিনী অভিযোগ করে বলেছে, রুশ যুদ্ধবিমানের সঙ্গে মানববিহীন মার্কিন ড্রোনের সংঘর্ষের পর ড্রোনটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় এক বিবৃতিতে রাশিয়া বলেছে, কৃষ্ণসাগরের ওপরে রাশিয়ার জেট এবং মার্কিন ড্রোনের মধ্যে সরাসরি সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। এমনকি দুই আকাশযান পরস্পরের সংস্পর্শে আসেইনি।

Advertisement

মার্কিন ইউরোপীয় কমান্ড মঙ্গলবার গ্রিনিচ মান সময় ৬টা ৩ মিনিটে ঘটে যাওয়া এই ঘটনাকে ‘রুশদের একটি অ-পেশাদার কাজ’ বলে আখ্যায়িত করেছে। দুর্ঘটনার জন্য রাশিয়াকেই দায়ী করেছে তারা। এতে রাশিয়ার যুদ্ধবিমানটিও বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়েছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে নিয়মিত ব্রিফিংয়ের সময় কৃষ্ণসাগরে ড্রোন বিধ্বস্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন কর্মকর্তারা। এ সময় মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেন, এ ঘটনায় ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

পেন্টাগন বলছে, রাশিয়ার বিমানবাহিনীর সু–২৭ ফ্ল্যাঙ্কার ফাইটার জেট উত্তর কৃষ্ণসাগরের ওপর ব্যস্ত আন্তর্জাতিক আকাশসীমায় একটি মনুষ্যবিহীন মার্কিন মিলিটারি রিপার ড্রোনের প্রপেলারে আঘাত করে। পরক্ষণেই ড্রোনটি সমুদ্রে বিধ্বস্ত হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এই ঘটনাকে ‘বেপরোয়া এবং অ-পেশাদার’ আচরণ বলে বর্ণনা করেছেন। 

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে মস্কো এবং ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বেড়েছে। তবে এতদিন এমন কোনো ঘটনা ঘটেনি।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্র রাশিয়াকে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!