ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি হামলায় আল-আকসায় ৪০০ ফিলিস্তিনি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ৫ এপ্রিল ২০২৩
ইসরায়েলি হামলায় আল-আকসায় ৪০০ ফিলিস্তিনি গ্রেফতার
সংগ্রহিত

আল আকসা মসজিদ হচ্ছে মুসলিম ও ইহুদিদের পবিত্র ধর্মীয়স্থান। কিন্তু পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। মসজিদ প্রাঙ্গনে এই হামলায় অনেক ফিলিস্তিনি মুসলিম আহত হয়। বুধবার (৫ এপ্রিল) ভোরের আগে এই হামলার ঘটনা ঘটে।

এই হামলায় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। 

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরার বলেছে, আল আকসা মসজিদ ও এর প্রাঙ্গণে ইবাদতরত কয়েক ডজন মুসল্লির ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। রাতের আধাঁরে হওয়া এই হামলায় সাতজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Advertisement

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের হামলায় সাত ফিলিস্তিনি রাবার-টিপড বুলেট এবং মারধরে আহত হয়েছেন। এতে আরো বলা হয়, ইসরায়েলি বাহিনী চিকিৎসকদের মসজিদের ভেতর পৌঁছাতে বাধা দিচ্ছে।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, মুখোশধারী আন্দোলনকারীরা’ আতশবাজি, লাঠি এবং পাথর নিয়ে মসজিদের ভেতরে অবস্থান নেয়ায় তারা জোর করে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করতে বাধ্য হয়েছিল।

আরো পড়ুন>> ফিলিপাইনের ঘাঁটিতে সামরিক প্রবেশাধিকার পেল মার্কিন যুক্তরাষ্ট্র

বিবৃতিতে আরো বলা হয়, মসজিদ প্রাঙ্গণে পুলিশ প্রবেশ করার পর তাদের দিকে পাথর ছুড়ে মারা হয় এবং মসজিদের ভেতর থেকে আতশবাজি নিক্ষেপ করা হয়। এতে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। মাত্র কয়েকদিন আগে আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনি যুবককে দিনে-দুপুরে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি পুলিশ। 

আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার এই ঘটনাটি অধিকৃত পশ্চিম তীরজুড়ে বিক্ষোভের জন্ম দিয়েছে। একইসঙ্গে এই ঘটনার জেরে গাজা থেকে ইসরায়েলের দিকে নয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের দিকে ৯টি রকেট নিক্ষেপ করা হয়েছে। যার মধ্যে অন্তত ৪টি ধ্বংস করা হয়েছে এবং আরো ৪টি খোলা জায়গায় পড়েছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!