আল-আকসায় আড়াই লাখ মুসল্লির জুমার নামাজ আদায়
জেরুজালেম শহরে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে শুক্রবার আড়াই লাখের বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।
সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর উদ্যাপন করা হয়, তাহলে গতকাল ছিল জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমা। এ কারণে আল-আকসায় মুসল্লির সমাগম বেশি ছিল।
দিনটি উপলক্ষে আল-আকসা মসজিদ অভিমুখে সব সড়কে ৩ হাজার ২০০-এর বেশি পুলিশ, সীমান্ত পুলিশ, সিন বেত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছিল ইসরায়েল।
.png)
আরো পড়ুন>> কলা ছিলে খায় যে হাতি
প্রতিবছরই অসংখ্য ফিলিস্তিনি রোজার মধ্যে আল-আকসা সফর করেন। নামাজ আদায় করেন। এ জন্য তাদের আগে থেকে অনুমতি নিতে হয়।
এবারের রমজান মাসে পবিত্র এই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য কর্তৃপক্ষ সব বয়সী নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ১২ বছরের কম বয়সী শিশুদের পারমিট বা অনুমোদন ছাড়াই পশ্চিম তীর থেকে জেরুজালেমে আসার সুযোগ দিয়েছিল।
সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে শুধু চলমান পবিত্র রমজান মাস পর্যন্ত।