ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পেন্টাগনের গুপ্তচরবৃত্তির শিকার মেক্সিকো: মেক্সিকো প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৬, ১৯ এপ্রিল ২০২৩
পেন্টাগনের গুপ্তচরবৃত্তির শিকার মেক্সিকো: মেক্সিকো প্রেসিডেন্ট
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনলেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। মেক্সিকান সশস্ত্র বাহিনীর তথ্য আরো সুরক্ষিত ও গোপনীয় করার ঘোষণা দিয়েছেন তিনি। 

মার্কিন গণমাধ্যমে তথ্য ফাঁস হওয়ার পর পেন্টাগন মেক্সিকোর সরকারের ওপর গুপ্তচরবৃত্তি করছে বলে অভিযোগ আনেন আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। মেক্সিকান এই প্রেসিডেন্ট বলেছেন, জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর তথ্য এখন থেকে সুরক্ষিত করা শুরু করবেন তিনি।

রয়টার্স বলছে, মেক্সিকোর নৌবাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান উত্তেজনা সম্পর্কে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করার বেশ কয়েক দিন পর প্রেসিডেন্ট ওব্রাডরের এই মন্তব্য সামনে এলো।

Advertisement

মেক্সিকোর নৌবাহিনী এবং সেনাবাহিনীর মধ্যকার উত্তেজনা সম্পর্কে অনলাইনে মার্কিন রেকর্ড প্রকাশের পর মার্কিন সামরিক ব্রিফিংয়ের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের ওই রিপোর্টটি প্রকাশিত হয়েছিল।

আরো পড়ুন>> যুদ্ধবিরতি পর সুদানে সংঘর্ষ, নিহত বেড়ে ২৭০

স্থানীয় সময় মঙ্গলবার লোপেজ ওব্রাডর সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখন থেকে নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল তথ্য সুরক্ষিত করতে যাচ্ছি, কারণ আমরা পেন্টাগনের গুপ্তচরবৃত্তির শিকার হয়েছি।

এদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পেন্টাগনও। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, মেক্সিকোর সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাথে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ‘দৃঢ় সহযোগিতামূলক প্রতিরক্ষা অংশীদারিত্ব’ রয়েছে এবং এসব সংস্থা ‘একে অপরের সার্বভৌমত্ব এবং নিজ নিজ বৈদেশিক নীতির এজেন্ডাকে সম্মান করে’ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকে।

মেক্সিকোর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গুম ও হত্যাসহ বছরের পর বছর ধরে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে এবং এ কারণে সামরিক বাহিনীকে জবাবদিহি করার জন্য চাপের মুখে রয়েছেন লোপেজ ওব্রাডোর।

মেক্সিকোর এই প্রেসিডেন্ট জননিরাপত্তায় সেনাবাহিনীর ভূমিকা বাড়িয়েছেন এবং ন্যাশনাল গার্ড নামে সামরিকায়িত পুলিশ বাহিনীকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!