মঙ্গলবারও (২৩ মে) মালদহ বাজি কারখানার একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, ঐ কারখানাটি বেআইনিভাবে বাজি মজুদ ও তৈরি করতো।
মঙ্গলবার মালদহের ইংরেজবাজার পৌরসভার নেতাজি পুরবাজার এলাকায় একটি বাজি কারখানার গুদামে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় গুদামটিতে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা বেশ কয়েকটি দোকানে। দোকানগুলোর ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে কালো ধোঁয়া। এরপর টানা বিস্ফোরণে কেঁপে ওঠে ঐ এলাকা।
.png)
আরো পড়ুন>> ব্রাজিলে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু, ছয় মাসের সতর্কতা জারি
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার ফায়ার সার্ভিস ও পুলিশ। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় ঘটনাস্থলের আশেপাশের অনেক দোকান ক্ষতিগ্রস্থ হয়।
এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তিনি বলেন, গুদামটিতে বিপুল পরিমাণ বাজি মজুত করে রাখা হয়েছিল। মালিকপক্ষ মজুতের অনুমতি নিয়েছিল কি না তা দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ কারা হবে।
উল্লেখ্য, সোমবার রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হন। তাছাড়া গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরের এগরার একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৯ জন নিহত হন এবং আরো অনেক জন আহত হন।
সুত্র: আনন্দবাজার