ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে জঙ্গলে ৫০০০ বছরের পুরনো সভ্যতার সন্ধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫০, ২৫ মে ২০২৩
ভারতে জঙ্গলে ৫০০০ বছরের পুরনো সভ্যতার সন্ধান
সংগৃহীত ছবি

ভারতের গুজরাটের দেবগড় বরিয়ায় গভীর জঙ্গলে পাঁচ হাজার বছরের পুরনো এক সভ্যতার খোঁজ মিলেছে।

এ জঙ্গলটি স্লথ বিয়ারের জন্য বিখ্যাত। কিন্তু এই জঙ্গল এবং আশপাশের এলাকা ঐতিহাসিক সংস্কৃতি এবং সভ্যতারও এক ভাণ্ডার।

সম্প্রতি গুজরাত বন বিভাগের একটি দল দেবগড় বরিয়ার জঙ্গলে ট্রেকিং করতে গিয়েছিল। সেই দলেরই একজন পাথরে হোঁচট খেয়ে পড়ে যান। মাটি থেকে উঠে পাথরটিকে ভাল করে দেখতেই তাতে কিছু আঁকিবুঁকি দেখতে পান। আরো ভাল করে দেখতেই লহমায় খুলে গেল পাঁচ হাজার বছরের পুরনো সভ্যতার গুহাচিত্র আবিষ্কারের দরজা!

সংগৃহীত ছবি

ভালো করে দেখেই গুহায় প্রবেশ করলেন বনকর্মীরা। গুহার মেঝেতেও তারা ঐ ধরনের বেশ কয়েকটি ছবি দেখেন। গুহা থেকে ফিরে আসার সময়ে বেশ কয়েকটি পাথর তারা তুলে নেন, যেখানে কিছু ছবি আঁকা ছিল। পরে সেই পাথরের টুকরো পরীক্ষা করে দেখা যায়, ঐ অঞ্চলে মধ্যপ্রস্তর যুগে মানুষের বসবাস ছিল। গড়ে উঠেছিল এক সভ্যতা। সেই সভ্যতার মানুষজনই এই সব গুহাচিত্র এঁকেছিল।

সংগৃহীত ছবি

Advertisement

প্রাচীনকালের সেই সব মানুষজন গুহার দেওয়ালে এবং পাথরে যেসব ছবি এঁকেছিলেন, তার বেশ কয়েকটি এখনো অক্ষত রয়েছে। প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন, গুহায় গ্রানাইট পাথরের ওপর ছবিগুলো এমন ভাবে আঁকা হয়েছিল, যাতে সেগুলি বৃষ্টি, বাতাস এবং প্রখর রোদেও নষ্ট না হয়।

এই নিদর্শনগুলো মূলত দেবগড় বারিয়া ও সাগতলার মাঝখানের ভ্যাভরিয়া ডুঙ্গার পাহাড়ে রয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, জঙ্গলের আরো কিছু পাহাড়ের গায়ে এই ধরনের ছবি রয়েছে, যেগুলি আংশিক ভাবে নষ্ট হয়ে গিয়েছে।

সংগৃহীত ছবি

অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং গুহাচিত্র বিশেষজ্ঞ, ভিএইচ সোনাওয়ানে বলেন, পাহাড়ের পাথরে আঁকা চিত্রগুলি আলাদা আলাদা সময়ের। একটি ষাঁড় এবং কয়েকটি মানবচিত্র সম্ভবত মধ্যপ্রস্তর যুগের।

তার মতে, দেবগড় বরিয়ায় খুঁজে পাওয়া গুহাচিত্রগুলি গ্রানাইট পাথরের উপর লাল হেমাটাইট শিলা দিয়ে আঁকা। এই ধরনের শিলা পাথুরে মাটিতে পাওয়া যায়। সোনাওয়ানে বলেন, এই সব গুহাচিত্র বড় আবিষ্কার। এই ছবি থেকে ইঙ্গিত পাওয়া যায়, মধ্যপ্রস্তর যুগে মানুষ এখানে বসবাস করত!

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!