আবারো টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার বিজ্ঞাপন দিল ওশানগেট
ডুবোযান টাইটান দুর্ঘটনার পাঁচজনের মৃত্যুর ১০ দিনও পেরোয়নি। এর মধ্যেই পরবর্তী অভিযানের বিজ্ঞাপন দিয়েছে ডুবোযান পরিচালনা সংস্থা ‘ওশানগেট’। টাইটান যেভাবে টাইটানিক দেখতে গিয়েছিল ঠিক একইভাবেই এ ভ্রমণ হবে।
আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে পাঁচজনের। ওশানগেটের টাইটান নামে সাবমেরিনে তারা আটলান্টিকের তলদেশে যাত্রা শুরু করেছিলেন। তবে সাগরের তলদেশে টাইটানে বিস্ফোরণ ঘটে। নিখোঁজ হয় টাইটান।
পরে ব্যাপক খোঁজাখুঁজির পর ধ্বংসাবশেষের সন্ধান মেলে টাইটানের। মার্কিন কোস্টগার্ড কর্মকর্তারা জানান, টাইটানের যাত্রীরা জীবিত নেই। গত বুধবার টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
.png)
এদিকে দুর্ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় না থামতে আবারো টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিল কোম্পানিটি। এতে ওশানগেট জানায়, আগামী বছর টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য দুটি ভ্রমণ পরিচালনার পরিকল্পনা করছে তারা। প্রথমটি হবে ২০২৪ সালের ১২ জুন থেকে ২০ এবং দ্বিতীয়টি হবে ২১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত।
এ ভ্রমণের মূল্য ধরা হয়েছে আড়াই লাখ ডলার (আড়াই কোটি টাকা প্রায়)। ওশানগেট জানিয়েছে, এই খরচের মধ্যে রয়েছে- একটি সাবমিসিবল ডাইভ, প্রয়োজনীয় সব প্রশিক্ষণ, সফরের সরঞ্জাম এবং জাহাজে থাকাকালীন সমস্ত খাবারের ব্যবস্থা।
প্রতিষ্ঠানটি জানায়, প্রথম দিন যাত্রীরা জাহাজের ক্রুদের সঙ্গে কানাডার সমুদ্র তীরবর্তী শহর সেন্ট জনসে পৌঁছাবেন। এরপর যানে করে টাইটানিকের ধ্বংসাবশেষে পৌঁছে যাবেন।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট