তীব্র তাপদাহের মধ্যেই স্পেনে ভয়াবহ দাবানল
ইউরোপজুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যেই স্পেনের লা পালমা দ্বীপের বনে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অন্তত চার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
শনিবার (১৫ জুলাই) ভোররাতে লা পালমাতে আগুনের সূত্রপাত হয়। এটি এল পিনার ডি পুন্টাগোর্দা কানারি দ্বীপের উত্তরে একটি জঙ্গল। আগুনের কারণে পুনতাগোর্দা এবং পার্শ্ববর্তী তিজারাফে গ্রাম থেকে মানুষকে সরিয়ে নিতে হয়।
দশটি ইউনিট এবং ৩০০ জন দমকলকর্মী মিলে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিজো বলেছেন, আগুনে কমপক্ষে ১৩টি বাড়ি ধ্বংস হয়েছে।
.png)
স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ শনিবার লা পালমার জনগণের প্রতি সমর্থন জানাতে ক্লাভিজোকে টেলিফোন করেছিলেন বলে স্প্যানিশ রাজপরিবার জানিয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর থেকে এটিই দেশটিতে প্রথম প্রাকৃতিক সংকট।
কামব্রে ভিজা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দুই হাজারের বেশি ভবন ধ্বংস হয়ে যায় এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়।
সূত্র: রয়টার্স