বন্যার পানিতে ভেসে ঘরবাড়িতে ঢুকে পড়ছে কুমির
এমনিতেই বন্যা। তার সঙ্গে টানা বৃষ্টিতে ভারতের গঙ্গায় আরো বেড়েছে পানি। নদী উপচে সেই পানির সঙ্গে কুমির সাঁতরে চলে যাচ্ছে লোকালয়ে। এমনকি মানুষের বাড়িতেও ঢুকে পড়ছে কুমির।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্যার পানিতে নাজেহাল উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরের বাসিন্দারা। এর মধ্যে গঙ্গা উপচে লোকালয়ে কুমির চলে আসায় সবাই দুশ্চিন্তায় পড়েছেন।
এরইমধ্যে শহর থেকে অন্তত ১০টি কুমির সরিয়ে ফেলেছে বন বিভাগ। তবে এখনও বেশ কয়েকটি ভেসে বেড়াচ্ছে লোকালয়ে।
.png)
এনিয়ে হরিদ্বারের বিভাগীয় বন কর্মকর্তা নীরজ বর্মা বলেন, অতিবৃষ্টির জেরে নদী উপচে পড়ছে। এর ফলে, একাধিক কুমির মানুষের বাসস্থানের কাছাকাছি চলে আসছে। গত ১৫ দিনে আমরা অন্তত ১০টি কুমির ধরেছি বিভিন্ন জায়গা থেকে। অনেক ক্ষেত্রে কুমির বাড়ির ভেতরেও ঢুকে বসেছিল।
হরিদ্বারের লাকসর, খানপুর এবং রুরকি এলাকায় বেশ কয়েকটি কুমিরকে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে আতঙ্কিত সাধারণ মানুষ।
এনিয়ে হরিদ্বারের রেঞ্জ অফিসার দীনেশ নাউদিয়াল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা একটি ২০ সদস্যের ‘র্যাপিড রেসপন্স টিম’ তৈরি করেছি। এর আগে এ রকম পরিস্থিতি তৈরি হয়েছিল সাপ নিয়ে। সেই সময় দৈনিক ১২ থেকে ১৫টি করে সাপ ধরা পড়ছিল লোকালয় থেকে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া