ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৩, ৮ আগস্ট ২০২৩
নেপালে বন্যা ও ভূমিধসে ৩৮ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

‘হিমালয় কন্যা’ খ্যাত দেশ নেপালে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সব দুর্যোগের কারণে একটি গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবছরই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হিমালয় ঘেরা দেশ নেপালে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অনেক মানুষের মৃত্যু হয়।

Advertisement

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ বছর প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৩৩ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া কাঠমান্ডুর কাছে একটি গ্রামে ভূমিধসের পর নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী।

পুলিশ জানায়, নেপালের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগকারী একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিতে নেপালের বাগমতি নদীর পানি বৃদ্ধি পেয়ে কাঠমান্ডু উপত্যকায় বন্যা দেখা দিয়েছে। এখানে প্রায় ৪ লাখ মানুষ বাস করেন।

টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, লোকজন নিজেদের ঘরবাড়ি থেকে বন্যার পানি বের করার চেষ্টা করছেন। এছাড়া সিন্ধুলি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নেপালের পূর্বাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!