ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নবজাতকের নাম রাখা হলো চন্দ্রযান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪২, ২৪ আগস্ট ২০২৩
নবজাতকের নাম রাখা হলো চন্দ্রযান
নবজাতক শিশু - ফাইল ছবি

চাঁদের বুকে প্রথমবারের মতো মাটিতে পা রেখেছে ভারতের চন্দ্রযান ৩। এই সাফল্যে দেশটিজুড়ে চলছে উৎসব। দেশের এমন সাফল্যে ভারতের মহাকাশযানের নামে নবজাতকের নামকরণ করেছে ওড়িশার কয়েক জন দম্পতি।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা স্থানীয় সময় ৬টা ৪ মিনিট চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ভারতের চন্দ্রযান-৩। সেই মাহেন্দ্রক্ষণে ওড়িশার কেন্দ্রপাড়া জেলায় জন্ম নেয় কয়েক জন শিশু। দেশের চন্দ্রাভিযানের সাফল্যর জন্য নিজেদের সন্তানদের নাম চন্দ্রযান রাখার সিদ্ধান্ত নেন ওই দম্পতিরা।

জানা যায়, চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণের সময় অন্তত চার শিশুর জন্ম হয়েছে কেন্দ্রপাড়া জেলা হাসপাতালে। তাদের মধ্যে একজন কন্যাসন্তান। চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্তে সন্তানের জন্ম দিতে পেরে গর্বিত তাদের মায়েরাও। এক সদ্যোজাতের বাবা প্রভাত মল্লিক বলেন, এটা উপরি পাওনা। চন্দ্রযান ৩-এর অবতরণের কয়েক মিনিট পর আমাদের সন্তান পৃথিবীতে এসেছে। ঠিক করেছি চন্দ্রযানের নামে আমাদের সন্তানের নাম রাখব। শিশুর জন্মের ২১ দিনের মাথায় বিশেষ পুজার মাধ্যমে নামকরণ করা হয়। এমনটাই রীতি রয়েছে ওই এলাকায়।

Advertisement

প্রভাতের স্ত্রী রানু পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তিনি জানান, বড়দের পরামর্শ দেবেন চন্দ্রযানের নামে তাদের সন্তানদের নামকরণের জন্য। ২১ দিন পরই নামকরণ করা হবে তার শিশুর। রানুর কথায়, চন্দ্রযান নামটা বেশ। ২১ দিনের মাথায় পুজোর পর নামকরণ করব।

এদিকে বুধবার সন্ধ্যায় মা হয়েছেন দুর্গা মণ্ডল এবং জ্যোৎস্নারানি, বেবিনা শেঠি নামে আরও তিন মহিলা। দুর্গা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বাকিদের পুত্রসন্তান হয়েছে। তারাও নিজেদের সন্তানের নাম চন্দ্রযান রাখার কথা ভেবেছেন। কেন্দ্রপাড়া সরকারি হাসপাতালের প্রধান নার্স অঞ্জনা সাহু বলেন, সব নতুন মা তাদের সন্তানের নাম চন্দ্রযান রাখতে চাইছেন। তারা সকলেই উচ্ছ্বসিত।

উল্লেখ্য, অতীতে ঘূর্ণিঝড়ের নামে সন্তানের নামকরণ করার ঘটনা প্রকাশ্যে এসেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো চন্দ্রযানের নাম।

হাসপাতালের অতিরিক্ত জেলা মেডিকেল অফিসার ডা. পি কে প্রহরাজ উল্লেখ করেছেন ভারতের চাঁদ মিশনের এই ঐতিহাসিক মুহূর্তে তাদের সন্তানের জন্ম হওয়ায় অভিভাবকরা বিশেষাধিকার বোধ করেন।

তিনি আরো বলেন, তারা চাঁদ মিশনে ভারতের কৃতিত্ব উদযাপন করতে চায় চন্দ্রযানের নামে শিশুদের নামকরণ করে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!