ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কানাডার রাস্তায় ৫০ লাখ মৌমাছি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ৩১ আগস্ট ২০২৩
কানাডার রাস্তায় ৫০ লাখ মৌমাছি!
ছবি: সংগৃহীত

কানাডার অন্টারিওর বার্লিংটনে একটি মৌমাছি পরিবহণকারী ট্রাকের দুর্ঘটনার কারণে রাস্তায় ছড়িয়ে পড়ে ৫০ লাখ মৌমাছি। মৌমাছিসহ মৌচাক ট্রাকের পেছনে করে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছিল। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার সকালে মৌমাছি পালনকারী মাইকেল বারবারের ঘুম ভাঙ্গে পুলিশের বেশ কয়েকটি ফোনে। অন্টারিওর বার্লিংটনে একটি ট্রাক থেকে ৫০ লাখ মৌমাছি ছড়িয়ে পড়ায় এসব উদ্ধারে তার সাহায্যের প্রয়োজন বলে জানান পুলিশ। তখনই মৌমাছি পালনকারীরা উদ্ধারকাজে লেগে পড়েন।

ওই এলাকার কাছাকাছি ‘গুয়েলফের ট্রাই-সিটি বি রেসকিউ’-এর মালিক মাইকেল। তিনি জানান, তার ১১ বছরের কর্মজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হননি তিনি। তবে এমনটা আর কখনো ঘটবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। মূলত বক্সের ভেতর থাকা মৌমাছিসহ চাকগুলো যখন পরিবহন করা হচ্ছিল যখন দুর্ঘটনার কারণে তাদের বক্সগুলোর বাঁধন আলগা হয়ে ট্রাক থেকে পড়ে যায়।

Advertisement

পুলিশের ফোন পেয়ে মাইকেল সহযোগিতার জন্য অন্যান্য মৌমাছি পালনকারীদের কাছে ফোন করেন। প্রায় এক ডজন মৌমাছি পালনকারী ছড়িয়ে পড়া এসব মৌমাছি উদ্ধারে এগিয়ে আসেন।

মাইকেল বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর মৌমাছির একটি বড় মেঘের মত দেখতে পাই । যারা খুব রাগান্বিত, বিভ্রান্ত এবং গৃহহীন ছিল।

তিনি আরও জানান, মৌমাছি এবং মৌচাকের বক্সগুলো রাস্তার ৪০০ মিটার (১৩০০ ফুট) ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। কিছু অল্প বয়স্ক মৌমাছি বিভিন্ন স্থানে একসঙ্গে দল বেঁধে ছিল। আমার ট্রাকের সামনেই শুধু এক হাজার মৌমাছি ছিল এবং অন্যান্য রাগান্বিত এবং বয়স্ক মৌমাছিরা চারপাশে শব্দ করে করে উড়ছিল।

সে সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে পুলিশ স্থানীয়দের সতর্ক করে এবং ওই এলাকা থেকে দূরে থাকতে বলে। রাস্তায় চলাচলকারী যানবাহনের চালকদের গাড়ির জানালা বন্ধ রাখতে এবং পথচারীদের দূরে থাকতে বলা হয়েছিল।

বেশ কয়েক ঘণ্টা পর বেশিরভাগ মৌমাছিকে তাদের মৌচাকে ফেরানো গিয়েছিল। তবে মাইকেল জানান, কয়েক শ মৌমাছি দুর্ঘটনা থেকে বাঁচতে পারেনি।

মাইকেল আরো বলেন, চারদিকে প্রচুর উড়ন্ত মৌমাছি ছিল। দুর্ঘটনাকবলিত ট্রাকচালককেও ১০০ বারের বেশি কামড় মেরেছিল মৌমাছিগুলো। তবে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং সে গুরুত্বর আহত নয় বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: কানাডা
লিংক সফলভাবে কপি হয়েছে!