নিজ হাতে ভক্তদের মাঝে পিজ্জা বিতরণ করলেন ট্রাম্প
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা অনেক আগেই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ভোটারদের মন জিততে নানা প্রচারণায় অংশ নিচ্ছেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি প্রচারের অংশ হিসেবে সবশেষ ভক্তদের মাঝে দাঁড়িয়ে পিজ্জা বিতরণ করেছেন তিনি।
গত বুধবার (২০ সেপ্টেম্বর) আইওয়া অঙ্গরাজ্যের বেটেনডর্ফের একটি পাবে শতাধিক মানুষের মধ্যে উপস্থিত হন ট্রাম্প। আর সেখানেই তাকে দেখা গেল পিজ্জা বিতরণ করতে।
ক্যাথিস ট্রিহাউস পাব অ্যান্ড ইটারিতে প্রচুর অটোগ্রাফও দিয়েছেন ট্রাম্প। ডলার, ক্যাপ এমনকি এক নারীর টি শার্টেও স্বাক্ষর করতে দেখা যায় তাকে। এরপর সেখানে পিজ্জা বিলি করেন তিনি। এ সময় ‘আর কার লাগবে?’ বলে প্রশ্ন করেন ট্রাম্প। সমর্থকদের মধ্যে রীতিমতো সাড়া পড়ে যায় এ কথা শুনে। উপস্থিত লোকজন ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকে।
.png)
আগামী বছরের শেষে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। তার বেশ আগেই বেজে গেছে নির্বাচনের ঢোল। গত মাসে হওয়া এক জরিপে দেখা যায়, রিপাবলিকান প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাট দলের জো বাইডেনের থেকেও এগিয়ে ট্রাম্প। তবে ব্যবধান বেশি না। জরিপে অংশ নেওয়া ৫০ শতাংশ মানুষ ট্রাম্পের পক্ষে। বিপরীতে বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৯ শতাংশ মানুষ।
সূত্র: বিবিসি