বুধবার (১১ অক্টোবর) পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের সঙ্গে কথা বলার সময় এরদোগান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যুদ্ধেরও একধরনের নৈতিকতা রয়েছে। সপ্তাহজুড়ে গাজায় যা চলছে, তাতে নৈতিকতার মারাত্মক লঙ্ঘন হচ্ছে। এ ধ্বংসযজ্ঞ যুদ্ধের নৈতিকতাবিরোধী।’
.png)
মানুষের মৌলিক চাহিদা পূরণে বাধা দেওয়ার কৌশলকে লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করেন এরদোগান।
তিনি বলেন, ‘মানুষের মৌলিক চাহিদা পূরণে বাধা দেওয়া যুদ্ধের লজ্জাজনক কৌশল। এটা যুদ্ধ নয়, এটা একটি ধ্বংসযজ্ঞ।’
গাজার নিরীহ মানুষজনের ওপর চালানো ধ্বংসযজ্ঞকে কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসরায়েলের ভূখণ্ডে বেসামরিক মানুষজনকে হত্যা করায়, প্রকাশ্যে সমালোচনা করি আমরা। সেই সঙ্গে গাজার নিরীহ মানুষজনের ওপর চালানো ধ্বংসযজ্ঞ ও বিরামহীন বোমাবর্ষণের মাধ্যমে হত্যার ঘটনাকেও সমর্থন করা যায় না।’
এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় সিরিজ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ৫১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমসমূহ জানিয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আর ইসরায়েলের বাহিনীর আক্রমণে ১ হাজার ৪৫০ ফিলিস্তিনি মারা গেছেন।
সূত্র: আল-জাজিরা