শুক্রবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরটি জানায়, আগে যে কারখানায় কোকা-কোলা উৎপাদন করা হতো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কোকা-কোলা নিজেদের ব্যবসা গুটিয়ে নিলে সেই কারখানায় উৎপাদন শুরু করে ডবরি কোলা। কোকা-কোলার মতো লাল ক্যানের এই রুশ কোমল পানীয় দেশটির মানুষের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে।
ডবরি কোলা বিক্রি এতটাই বেড়েছে, পণ্যটি এখন রাশিয়ায় শীর্ষ ৫০টি পণ্যের তালিকায় আছে। এদিকে নিজেদের কারখানা বন্ধ করে দেয়ার পর রাশিয়ার বাজার থেকে কোকাকোলার অস্তিত্ব এক রকমের বিলীন হতে বসেছে।
.png)
একসময় ডবরি ড্রিংকস শুধু জুস উৎপাদন করলেও ২০২২ সালের মার্চে কোকা-কোলা রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেয়ার পর কার্বনেট বেভারেজ উৎপাদনে নামে কোম্পানিটি। এর আগে কোক, ফান্টা, স্প্রাইটের মতো বেভারেজ সংক্রান্ত ১০টি আমেরিকান কারখানা রাশিয়ায় থাকলেও, সেসব এখন সুদূর অতীত।
আরটি’র প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমারা রাশিয়ার বাজার ছাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে ২০২২ সালে প্রায় সাড়ে সাত হাজার দেশীয় নতুন কোম্পানি ব্যবসা শুরু করেছে। ২০২৩ সালের প্রথম আটমাসে এ সংখ্যা সাড়ে ৬ হাজার। মূলত পশ্চিমাদের ব্যবসার বিকল্প হিসেবে স্থানীয় এসব কোম্পানি রাশিয়ার বাজার দখল করছে।