ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১০ টাকার পানীয় খেতে গিয়ে ধরা পড়ল ৮ কোটি টাকা ডাকাতি করা দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫০, ১৯ জুন ২০২৩
১০ টাকার পানীয় খেতে গিয়ে ধরা পড়ল ৮ কোটি টাকা ডাকাতি করা দম্পতি
ছবি: সংগৃহীত

৮ কোটি টাকা ছিনতাই করে পালাচ্ছিল পাঞ্জাবের ছিনতাইকারী দম্পতি। তবে শেষ রক্ষা হল না। গরমে ঠাণ্ডা পানীয়র লোভ সামলাতে না পেরেই সোজা পুলিশের জালে ধরা পড়ল যুগলে।

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্যানুযায়ী, গত ১০ জুন লুধিয়ানায় একটি বড়সড় ডাকাতির ঘটনা ঘটে। হারিয়ে যায় ৮ কোটি ৪৯ লাখ টাকা। পরে পুলিশ অভিযান চালিয়ে জানতে পারে, এই ডাকাতির নেপথ্যে রয়েছেন পাঞ্জাবের মনদীপ কাউর যে ডাকু হাসিনা নামেই কুখ্যাত।  সেখান থেকে পালিয়ে এসে উত্তরাখন্ডের চামোলিতে হেমকুণ্ড সাহিবের পথে রওনা দিয়েছিল মনদীপ কাউর এবং স্বামী জসবিন্দর সিং। তারপর থেকে তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পাঞ্জাব পুলিশ। 

পুলিশ গোপন সূত্রে জানতে পারে, লুধিয়ানায় ডাকাতিতে সাফল্য পাওয়ার পর নেপালে পালানোর ছক কষেছেন এই ডাকাত দম্পতি। তবে দেশ ছাড়ার আগে তারা কয়েকটি তীর্থস্থানে ঘুরে পুণ্য সঞ্চয় করতে চান। হেমকুণ্ড, কেদারনাথ, হরিদ্বার তাদের তালিকায় ছিল। লুধিয়ানার সাফল্যের পর ঈশ্বরকে ধন্যবাদ জানাতে প্রথমেই তারা হেমকুণ্ড সাহিবের গুরুদ্বারে যাওয়ার পরিকল্পনা করেন।

Advertisement

উত্তরাখণ্ডের চামোলি জেলার হেমকুণ্ড সাহিবে আগে থেকেই ওত পেতে ছিল পাঞ্জাব পুলিশের একটি দল। সেখানে ‘ডাকু হাসিনা’ নামে পরিচিত মনদীপ কৌরকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল। গুরুদ্বারের সামনে অনেকেই কাপড় দিয়ে মুখ ঢেকে যাতায়াত করছিলেন। পুলিশ সেখানে বিনামূল্যে পানীয়ের বন্দোবস্ত করে। ১০ টাকা দামের পানীয় বিনামূল্যে গুরুদ্বারে আসা পুণ্যার্থীদের দেওয়া হচ্ছিল। ডাকাত দম্পতিও পানীয় নিতে যান। তা খাওয়ার জন্য তাদের মুখের কাপড় সরাতে হয়েছিল। তখনই পুলিশ দম্পতিকে চিহ্নিত করে।

তবে সঙ্গে সঙ্গে মনদীপ বা তার স্বামীকে ধরা হয়নি। গুরুদ্বারে প্রবেশ করে তাদের প্রার্থনার সুযোগ দিয়েছিল পুলিশ। সেখান থেকে বেরিয়ে আসার পর ধাওয়া করে তাদের ধরা হয়। লুধিয়ানার ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও তিন জনের খোঁজ চলছে। তবে ডাকাতির ‘মাস্টারমাইন্ড’ ছিলেন মনদীপরাই। তাদের কাছ থেকে তৎক্ষণাৎ ২১ লাখ নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!