ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে মাইক পেন্সের প্রার্থীতা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ২৯ অক্টোবর ২০২৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে মাইক পেন্সের প্রার্থীতা প্রত্যাহার
মাইক পেন্স - ফাইল ছবি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশ নেয়ার কথা ছিল। সে অনুযায়ী প্রচার-প্রচারণাও শুরু করেছিলেন। কিন্তু সবাইকে হতবাক করে হঠাৎ করেই তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

শনিবার (২৮ অক্টোবর) তিনি এ ঘোষণা দিয়ে বলেন, ‘এটা আমার সময় নয়। আমরা সবসময়ই জানতাম এ লড়াইয়ে চড়াই-উৎরাই থাকবে। কিন্তু আমার কোনো দুঃখ নেই।’

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী তালিকায় বড় নামের একজন ছিলেন মাইক পেন্স। গত জুনে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে লড়াইয়ে নামেন তিনি। সে সময় তিনি রিপাবলিকান প্রার্থিতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিলও করেন। তবে দলীয়ভাবে জোরালো সমর্থন পাননি তিনি এবং শীর্ষ নেতারাও তার প্রতি সেভাবে সাড়া দেননি।

Advertisement

এদিকে নির্বাচনী প্রচারের এখনো যে অবস্থা তাতে তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আইনি ঝামেলা দিন দিন যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে ট্রাম্পের জনপ্রিয়তাও বাড়তে শুরু করেছে। অন্য সব মনোনয়নপ্রত্যাশীদের চেয়ে তিনি অনেক এগিয়ে। বেশ কয়েকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হবার পর যেন তার অবস্থান আরো শক্তিশালী হয়ে উঠেছে বলেই মনে হচ্ছে।

অন্যদিকে সাম্প্রতিক জনমত জরিপগুলোতে পেন্স ক্রমাগত পিছিয়ে পড়ছিলেন। রিপাবলিকান ভোটারদের সমর্থন পেতে লড়াই করতে হচ্ছিল তাকে।

তাছাড়া ভোটের প্রচারের জন্য পেন্সকে বড় অংকের ঋণ নিতে হয়েছে। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তার বকেয়া ছয় লাখ ২১ হাজার মার্কিন ডলার। যেখানে তার ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র ১২ লাখ মার্কিন ডলার। অন্যান্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় যা উল্লেখযোগ্যভাবে কম।

সমর্থকদের উদ্দেশে লিখিত বিবৃতিতে পেন্স আরো বলেন, “আমি ভোটের প্রচার ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কিন্তু আমি কখনোই রক্ষণশীলদের মূল্যবোধের জন্য লড়াই ছাড়বো না।”

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার সময় সরাসরি ট্রাম্পের বিরোধিতা করে রিপাবলিকান ভোটারদের বিরাগভাজন হয়েছিলেন পেন্স। ট্রাম্প সেদিন তার ভাইস প্রেসিডেন্টকে ডেমোক্রেটিক প্রার্থীর ভোটে জয়ের ফলাফলকে বাতিল ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু পেন্স সে আহ্বানে সাড়া না দেওয়ায় ট্রাম্প ‘সাহসের অভাব রয়েছে’ বলে তার সমালোচনা করেছিলেন।

সেদিনে ক্যাপিটলে ট্রাম্পের পক্ষে দাঙ্গায় অংশ নেয়া অনেকে ‘মাইক পেন্সের ফাঁসি’ দাবি করে স্লোগান দিয়েছিল। তারপর থেকে ট্রাম্পের অনেক অন্ধ সমর্থক পেন্সকে বিশ্বাসঘাতক বলে মনে করেন।

নিজে সরে দাঁড়ালেও অন্য কোনো রিপাবলিকান পদপ্রার্থীর পক্ষে নিজের সমর্থনের বিষয়ে কিছু বলেননি পেন্স।

আগামী ৮ নভেম্বর তৃতীয় প্রেসিডেন্টশিয়াল বিতর্ক অনুষ্ঠিত হবে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!