বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৮ হাজার ৭৯৬ হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা গাজা শহরে এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে তিন হাজার ৬৪৮ শিশু এবং দুই হাজার ২৯০ নারী। এছাড়া আহত হয়েছে ২২ হাজার ২১৯ জন।
আল-কুদরা জানান, গাজার ধ্বংসস্তূপের নিচে এখনো দুই হাজার ৩০ জন আটকা পড়ে আছে।
.png)
ইসরায়েলি হামলায় ১৩২ জন চিকিৎসক নিহত এবং ২৫টি অ্যাম্বুল্যান্স ধ্বংস হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। মুখপাত্রের মতে, ইসরায়েলি বাহিনী ৭ অক্টোবর থেকে গাজায় ৫৮টি স্বাস্থ্যসেবাকেন্দ্র লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন, ইসরায়েলি হামলা ও জ্বালানির ঘাটতির কারণে প্রায় ৫৮টি হাসপাতাল এবং ৩২টি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রকে পরিষেবা থেকে বাদ দেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই থেকে ইসরায়েলি বিমানবাহিনী অনবরত অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু।