বুধবার এক সংবাদ সম্মেলনে তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক সুভি সুকেক বলেছেন, এই হাসপাতালটি আর কাজ করছে না।
তিনি বলেন, আমরা বিশ্বকে বলব, হাসপাতালকে পরিষেবার বাইরে রেখে ক্যান্সার রোগীদের নির্দিষ্টভাবে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না।
.png)
এদিকে গাজার প্রধান হাসপাতাল আল-শিফায় আর মাত্র ২৪ ঘণ্টার জ্বালানি আছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। জ্বালানির অভাবে ৩৫টি হাসপাতালের মধ্যে ১৬টিই বন্ধ রয়েছে। সেবা দেওয়া যাচ্ছে না ৭২টি স্বাস্থ্যকেন্দ্রের ৫১টিতে।
টানা প্রায় একমাস ধরে গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। ফলে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং খাদ্য, পানি এবং বিদ্যুতের সরবরাহও ব্যাপকভাবে সীমিত করা হয়েছে। এর ফলে গাজার হাসপাতালগুলো এখন ইসরায়েলি হামলায় নিহত ও আহতদের ভিড়ে পরিপূর্ণ এবং জ্বালানিসহ নানা সংকট চিকিৎসা কর্মীদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।
জানা গেছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩০ জন প্যারামেডিক নিহত হয়েছেন। ২৮টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে। এই পর্যন্ত গাজার স্বাস্থ্য অবকাঠামোয় ২৭০ বারের বেশি হামলা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর এ পর্যন্ত গাজায় ৮ হাজার ৭৯৬ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৩ হাজার ৬৪৮ জন শিশু আর ২ হাজার ২৯০ জন নারী। এছাড়া হামলায় আহত হয়েছেন ২২ হাজারের বেশি।