শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘হামাসের আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, তাদের যোদ্ধারা গাজার উত্তরপশ্চিমাঞ্চল, দক্ষিণ গাজা,বেইত হানুনসহ গাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরাইলি সেনাদের সঙ্গে এখনো লড়াই করছেন।’
আল কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, ‘তারা (হামাস যোদ্ধা) সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছেন। শত্রুদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করে তাদের যানবাহন ধ্বংস করছে।’
আবু ওবায়দা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় হামাস যোদ্ধারা অন্তত ২৪টি ইসরাইলি সামরিক যান ধ্বংস করেছে। এর মধ্যে একটি ট্যাঙ্ক, সেনাবহনকারী সাঁজোয়া, বুলডোজার ও আল-ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র রয়েছে।
.png)
এর আগে শনিবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আরো ৫ ইসরাইলি সেনাকে হত্যার দাবি করেছে হামাস যোদ্ধারা। হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আল কাসাম বাহিনী গাজা শহরের উত্তর-পশ্চিমে একটি ভবনে লুকিয়ে থাকা জায়নবাদী সেনাদের ওপর হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘হামাস যোদ্ধারা ‘মেশিনগান ও বোমা দিয়ে ইসরাইলি বাহিনীর মোকাবিলা করে এবং পাঁচজন সৈন্যকে হত্যা করেছে। এতে আরো অনেকেই আহত হয়েছে।’
ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানায়, গত ৭ অক্টোবর থেকে তাদের মোট ৩৪১ সেনা নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, সবশেষ গাজা উপত্যকায় স্থল অভিযানে এবং দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় আরো দুই সেনা নিহত হয়েছে।