ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলিদের বিদেশ ভ্রমণে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:১২, ৪ নভেম্বর ২০২৩
ইসরায়েলিদের বিদেশ ভ্রমণে সতর্কতা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বেড়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে গতকাল তাদের বিদেশ ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। অতি প্রয়োজনে যারা বাইরে যাবেন, তাদের নিজেদের ইহুদি ও ইসরায়েলি পরিচয় প্রকাশ না করারও আহ্বান জানানো হয়েছে। 

শুক্রবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলিদের দেশ ছাড়ার আগে তাদের ভ্রমণ পরিকল্পনা মূল্যায়ন করা উচিত এবং দেশের বাইরে থাকাকালীন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

এতে বলা হয়, ইসরায়েলি দূতাবাস, যেসব বিমানবন্দর ইসরায়েল থেকে ফ্লাইট নিয়ে আসে, সেই সঙ্গে ইহুদি সম্প্রদায় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ‘ইহুদিবিরোধী বিক্ষোভ ও হামলার চেষ্টার প্রধান টার্গেট’।

Advertisement

বিবৃতিতে ইসরায়েলিদের ভ্রমণ সতর্কতা জারি করা দেশগুলোতে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়। বিশেষ করে আরব দেশ, মধ্যপ্রাচ্য, উত্তর ককেশাস এবং ইরানের সীমান্তবর্তী দেশগুলোতে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, যেসব দেশগুলোতে ভ্রমণে সতর্কতা নেই সেসব দেশে ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা প্রদর্শনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।  

এছাড়াও ইসরায়েলিদের ‘সেনাবাহিনীসহ ইসরায়েলি নিরাপত্তা সেবায় কাজ করার বিষয়ে’ অপরিচিতদের সঙ্গে আলোচনা করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় নিরাপত্তা পরিষদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে মিশর, জর্ডান এবং তুরস্কসহ বেশ কয়েকটি দেশের জন্য ভ্রমণ সতর্কতা বাড়িয়েছে এবং যেসব ইসরায়েলি এ দেশগুলোতে অবস্থান করছেন তাদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দাগেস্তানের একটি বিমানবন্দরে ইহুদি বিরোধী দাঙ্গার পর চলতি সপ্তাহের শুরুতে তারা বলেছিল, ইসরায়েলের নাগরিকদের রাশিয়ার উত্তর ককেশাস ভ্রমণ এড়িয়ে যাওয়া উচিত এবং যারা ইতিমধ্যে সেখানে রয়েছেন তাদের চলে যাওয়া উচিত।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!