ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টানা চতুর্থদিন শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ৫ ডিসেম্বর ২০২৩
টানা চতুর্থদিন শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে
ছবি: সংগৃহীত

আবারো শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে ম্যানিলার দক্ষিণে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। এ নিয়ে টানা চতুর্থদিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দেশটি। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭৯ কিলোমিটার গভীরে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) অবশ্য প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছিল। তবে পরে তা কমিয়ে ৬ বলে জানানো হয়েছে।

ফিলিপাইনের ভূকম্পন সংস্থা বলেছে, এদিনের ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে আফটারশক আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে তারা।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের পর সিনেট, প্রেসিডেন্সিয়াল প্যালেস, বিচার মন্ত্রণালয়ের ভবনগুলো থেকে সরকারি কর্মীরা বেরিয়ে আসছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সতর্কতাস্বরূপ শিক্ষার্থীদের বাইরে বের করে নেয়া হয়।

গত রোববারও শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনে। ওই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে গত শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে মিন্দানাও ও এর আশপাশের এলাকাও।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!