ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, আহত ৫০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১১, ১৫ ডিসেম্বর ২০২৩
চীনে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, আহত ৫০০
ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে দুটি সাবওয়ে ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০০ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দেশটির স্থানীয় সময় রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

প্রতিবেদনে জানানো হয়, ভারী তুষারঝড়ের কারণে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। আহত যাত্রীদের মধ্যে ১০২ জনের হাড়গোড় ভেঙে গেছে। তবে এ দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি।

Advertisement

দুর্ঘটনাটি ঘটেছে চাংপিং সাবওয়ের লাইনের একটি উঁচু পাহাড়ি জায়গায়। তুষারঝড়ের কারণে সাবওয়ের লাইন পিচ্ছিল হয়ে যায়। এছাড়া সিগন্যালও অস্পষ্ট হয়ে পড়ে। তখন একটি ট্রেন তাৎক্ষণিকভাবে থেমে যায়। ওই সময় আরেকটি ট্রেন একই লাইন দিয়ে আসছিল। কিন্তু লাইন পিচ্ছিল হয়ে যাওয়ায় ওই ট্রেনটি সময় মতো ব্রেক করতে পারেনি। ফলে এটি পেছন থেকে থেমে থাকা ট্রেনটিতে ধাক্কা মারে। দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হওয়ার পর একটি ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের পর একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সময় মানুষের গাদাগাদি ছিল। কয়েকজনকে দেখা যায় ইমার্জেন্সি হ্যামার (জরুরি হাতুড়ি) ব্যবহার করে ট্রেনের জানালা ভেঙে ফেলেছেন। মূলত পর্যাপ্ত বাতাস প্রবেশের জন্য তারা দ্রুত জানালা ভেঙে ফেলেন।

চীনের নিজস্ব যোগাযোগমাধ্যম উইবোতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, অজ্ঞান অবস্থায় এক নারী ট্রেনের ভেতর পড়ে আছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!