ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বক্তব্য দেওয়ার সময় হার্ট অ্যাটাক, মঞ্চেই অধ্যাপকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ২৪ ডিসেম্বর ২০২৩
বক্তব্য দেওয়ার সময় হার্ট অ্যাটাক, মঞ্চেই অধ্যাপকের মৃত্যু
সামির খন্দকার - ফাইল ছবি

মঞ্চে বক্তব্য দেওয়ার সময় আকস্মিক হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় চত্বরের মঞ্চে সাবেক শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় সিনিয়র অধ্যাপক সামির খন্দকার মারা যান।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৫৩ বছর বয়সী সিনিয়র অধ্যাপক সামির খন্দকার ছাত্র বিষয়ক ডিন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন। শুক্রবার তিনি বক্তব্য দেয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আইআইটি কানপুরের সাবেক পরিচালক অভয় কারান্দিকর সামিরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার মঞ্চে বক্তব্য দেয়ার সময় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেছিলেন তিনি। এ সময় তার মুখ ও শরীর প্রচুর ঘামতে শুরু করে। তবে কী ঘটছে তা কেউ বুঝতে পারার আগেই তিনি মঞ্চে পড়ে যান।’

তিনি আরো জানান, সামির একজন অসাধারণ শিক্ষক এবং গবেষক ছিলেন।

অধ্যাপক সামিরের সহকর্মী জানান, গত পাঁচ বছর ধরে সামিরের কোলেস্টেরলের সমস্যা ছিল। এজন্য তার চিকিৎসা চলছিল।

সামিরের একমাত্র ছেলে প্রভা খন্দকার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তিনি দেশে ফেরার পর সামিরের দাফন হবে। এখন তার মরদেহ আইআইটি কানপুরের স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!