ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিধ্বস্ত রুশ বিমানের সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৬, ২৪ জানুয়ারি ২০২৪
বিধ্বস্ত রুশ বিমানের সব আরোহী নিহত
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হওয়া রুশ সামরিক পরিবহন বিমানের সব আরোহী নিহত হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেছেন, বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হওয়া সামরিক পরিবহন বিমানের সব আরোহী নিহত হয়েছেন। উড়োজাহাজটি একটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত স্থানটি এখন ঘিরে রাখা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিধ্বস্ত হওয়া ইলিউশিন-৭৬ সামরিক উড়োজাহাজটি ইউক্রেন ভূপাতিত করেছে এবং এটিকে 'বর্বরোচিত' কাজ বলে অভিহিত করেছে। তবে মন্ত্রণালয় এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

এর আগে  ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে দেশটির একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই উড়োজাহাজে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর ৬৫ সদস্য, ৬ জন ক্রু এবং যুদ্ধবন্দিদের পাহারায় নিয়োজিত ৩ ব্যক্তি ছিলেন।

মস্কোর ভাষ্যমতে, এই ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বন্দিবিনিময়ের জন্য নেয়া হচ্ছিল। পেছনে আরেকটি উড়োজাহাজে ৮০ জন ইউক্রেনীয় বন্দি ছিলেন। ওই ঘটনার পর দ্বিতীয় উড়োজাহাজটিকে ফিরিয়ে নেয়া হয়েছে।

ইউক্রেন বলছে, ওই উড়োজাহাজে তাদের বন্দিরা ছিল কিনা তা তারা যাচাই করে দেখছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!