ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে আটকা পড়াদের খুঁজে বের করে জাতীয় বীরের মর্যাদা পেলো কুকুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৬, ১০ এপ্রিল ২০২৪
ভূমিকম্পে আটকা পড়াদের খুঁজে বের করে জাতীয় বীরের মর্যাদা পেলো কুকুর
ফাইল ছবি

তাইওয়ানে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত ও ১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। দেশটিতে গত ২৫ বছরের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্পের তিন দিন পরেও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ছিল কয়েকশ মানুষ। আর সেই আটকে পড়াদের খুঁজে বের করায় দারুণ কাজ দেখিয়ে দেশটির মানুষদের হৃদয় জয় করেছে নিয়েছে একটি কুকুর।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রজার নামের ল্যাব্রাডর কুকুরটিকে এর আগে পুলিশের মাদক অনুসন্ধানী কাজে ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। তবে কুকুরটি মনোযোগী না হওয়ায় তাকে এ কাজ থেকে বাদ দেওয়া হয়। সেই কুকুরটিই দারুণ কাজ দেখায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাতে।

উদ্ধারকারী দলের সঙ্গে প্রশিক্ষিত কুকুরগুলো আটকে পড়া মানুষ এবং মরদেহ শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গত বুধবারের ভয়ানক ভূমিকম্পের পরে তাইওয়ান কর্তৃপক্ষ দ্রুত কিছু কুকুরের সাহায্য নেয়। ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলোতে আটকে পড়াদের খুঁজে বের করতে চমৎকার কাজ দেখিয়েছে কুকুরগুলো।

Advertisement

উদ্ধারকাজে ব্যবহার করা কুকুরদের একটি রজার। ভূমিকম্পে নিহত ১৩ জনের মধ্যে একজনের মরদেহ খুঁজে বের করতে সাহায্য করে সে। রজার এবং তাকে নিয়ে অনুসন্ধান চালানো উদ্ধারকারী দল প্রচণ্ড ক্ষতিগ্রস্ত তারোকো ন্যাশনাল পার্কের শাকাডাং ট্রেইলে ২১ বছর বয়সী এক নিখোঁজ নারীর মরদেহ খুঁজে পায়। বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের সরকারি সংবাদসংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ)।

যদিও অন্য কুকুরগুলো একই ধরনের ভূমিকা পালন করে, তার পরও রজারই বেশি মনোযোগ আকর্ষণ করে দ্বীপবাসীর। এর একটি বড় কারণ তার ক্যারিয়ারের প্রাথমিক ব্যর্থতা এবং এর পেছনের গল্প।

রজার ড্রাগ-স্নিফিং, অর্থাৎ মাদক অনুসন্ধানী কুকুরদের একটি প্রশিক্ষণকেন্দ্রে জন্ম নেয়। কিন্তু সব সময় আনন্দ করতে পছন্দ করা, খাবার এবং মানুষদের প্রতি তার ভালোবাসা বেশি। ফলে প্রশিক্ষকদের আদেশের প্রতি গুরুত্ব দেখাতো না সে। একারণে পুলিশের মাদক গোয়েন্দা কাজ থেকে বাদ দেওয়া হয় তাকে।

কিন্তু তার উচ্ছ্বলতা এবং বুদ্ধিমত্তা তাকে উদ্ধারকারী কুকুর হওয়ার জন্য যোগ্য প্রার্থী করে তোলে। আর তাই এই কাজেই নিয়োগ করা হয় তাকে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!