এবার আরো বড় পরিসরে হামলার হুমকি ইরানের, নিশানায় মার্কিন ঘাঁটিও
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলার জবাবে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। এরপর ইসলায়েল পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ইসরায়েলকে অগ্রিম সতর্ক করে তেহরান জানিয়েছে, ইসরায়েল প্রতিশোধের চেষ্টা করলে আরো কঠোরভাবে জবাব দেওয়া হবে।
রোববার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইসরায়েল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমাবর্ষণের চেয়েও বড় পরিসরে হামলা চালানো হবে ইরানের প্রতিক্রিয়া।
.png)
শুধু তাই নয়, ইসরায়েলের পাল্টা হামলায় যদি যুক্তরাষ্ট্র সহায়তা করে তাহলে মার্কিন ঘাঁটিতেও হামলার হুমকি দিয়েছে তেহরান।
বাঘেরি বলেন, ‘আমাদের অপারেশন আপাতত শেষ হয়েছে। এই অভিযান চালিয়ে যাওয়ার কোন ইচ্ছা আমাদের নেই।’
তার দাবি, ইরানের হামলা ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। তার দাবি ৯৯ শতাংশ হামলাই প্রতিহত করা হয়েছে। এতে ইসরায়েলের সামান্য ক্ষতি হয়েছে।