ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরান-ইসরায়েল উত্তেজনায় বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৭, ১৫ এপ্রিল ২০২৪
ইরান-ইসরায়েল উত্তেজনায় বাড়লো স্বর্ণের দাম
স্বর্ণ - ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরিতাপূর্ণ রাষ্ট্র ইরান-ইসরায়েলের মধ্যে চলমান ব্যাপক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারেও। উত্তেজনা আরো বৃদ্ধির আশংকায় বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চাহিদা বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম বেড়েছে।

সোমবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩৫০ ডলার ৫৯ সেন্টে। তবে একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২৩৬৬ ডলার ৪০ সেন্টে।

ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েল ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষকে ব্যাপক নাড়িয়ে দিয়েছে। বড় যুদ্ধ ঘটতে যাচ্ছে মনে করে আতঙ্কে রয়েছে তারা।

Advertisement

বিদায়ী মার্চে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। সেই সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে। ফলে বিলম্বে সুদের হার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। তাতে ইউএস মুদ্রা ডলারের মান বেড়েছে।

স্বাভাবিকভাবেই চাপে পড়ার কথা বুলিয়ন বাজারের। কিন্তু মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উদ্বেগ ও উৎকণ্ঠায় তা আরও চাঙা হয়েছে। ইতোমধ্যে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণ। গত শুক্রবার আউন্সে মূল্যবান ধাতুটির দর ওঠে ২৪৩১ ডলার ২৯ সেন্টে। এর আগে কখনো এত দাম দেখেননি বিশ্ববাসী।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!