ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৫, ২১ এপ্রিল ২০২৪
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত
ফাইল ছবি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) অধিকৃত এই অঞ্চলের তুলকারম শহরের নুর শামস এলাকায় এই অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময় অবৈধ ইহুদি বসতিস্থাপনকারীদের পৃথক হামলায় এক ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালকও নিহত হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোরে একের পর এক ইসরায়েলি সামরিক যান সেখানে জড়ো হতে থাকে। গোলাগুলির শব্দও শোনা যায়। এছাড়া এই সময় ওই এলাকার আকাশে অন্তত তিনটি ড্রোন উড়তে দেখা গেছে।

Advertisement

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৬ বছর বয়সী এক ছেলেও রয়েছে। গত কয়েক মাসে পশ্চিম তীরে একদিনে এত মানুষ মারা যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীও ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধা নিহত ও গ্রেফতার হয়েছে। এ ছাড়া গোলাগুলিতে অন্তত চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হলো তুলকারম শহর। ১৯৪৮ সালে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সংঘটিত যুদ্ধে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়া ফিলিস্তিনিরা নুর শামস এলাকায় আশ্রয় নিয়েছিল, তাদের বংশধররাও এখন এলাকাটিতে বসবাস করছে।

বিভিন্ন ফিলিস্তিনি উপদল নিয়ে গঠিত তুলকারম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলাগুলি করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পৃথক আরেক ঘটনায় নাবলুস শহরের দক্ষিণে আল-সাবিয়া গ্রামের কাছে ইসরায়েলিদের গুলিতে ৫০ বছর বয়সী এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়। ইহুদি বসতিস্থাপনকারীরা ওই গ্রামটিতে হামলা চালালে অনেকে আহত হয়। এই অ্যাম্বুলেন্স চালক আহতদের নিয়ে যাওয়ার চেষ্টার সময় ইসরায়েলিরা তাকে গুলি করে হত্যা করে।

পশ্চিম তীরে বহুদিন ধরে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়ে আসছেন ফিলস্তিনিরা। বিশেষ করে গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এই সহিংতার মাত্রা আরও বেড়ে যায়। এই সময় ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি গ্রেফতার এবং শত শত মানুষ মারা গেছেন। তবে গাজা যুদ্ধের কারণে পশ্চিম তীরের সহিংসতার ঘটনা চাপা পড়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!