ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ২ শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯, ৩ জুন ২০২৪
গাজায় ২ শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১০
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যানুযায়ী, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই নারী ও শিশু। নুসেইরাত শরণার্থী শিবিরে পৃথক ইসরায়েলি হামলায় আরো ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

এদিকে হামলায় নিহত ছয় শিশু ও নারীর লাশ দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বাস্থ্য সূত্র ওয়াফাকে জানিয়েছে। এছাড়া হামলার পর উদ্ধারকারীরা এখনো বেঁচে যাওয়াদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি করছে। সোমবার মধ্যরাতের পর আকাল পরিবারের একটি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

Advertisement

বুরেইজ শরণার্থী শিবিরটি নুসেইরাত শরণার্থী শিবির থেকে প্রায় ২ কিমি (১.২৪ মাইল) দূরে অবস্থিত। এই হামলার আগে ইসরায়েলি বিমান হামলায় নুসেইরাতেও চারজন নিহত হয়েছেন।

ওয়াফা নিউজ এজেন্সি এবং আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, এই হামলায় চারজন নিহত হয়েছেন এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৬ হাজার ৪৩৯ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলায় আরো ৮২ হাজার ৬২৭ জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৬০ জন নিহত এবং আরও ২২০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!