ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি বর্বর হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার শিক্ষাখাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৯, ২২ জুন ২০২৪
ইসরায়েলি বর্বর হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার শিক্ষাখাত
গাজার শিশুরা - ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সব স্থানেই হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখানকার স্কুল, আবাসিক ভবন, হাসপাতাল, মসজিদ কোনও কিছুই বাদ যায়নি বর্বর হামলা থেকে। ইসরায়েলের অবিরাম হামলার ফলে গাজার শিক্ষাখাত ধসে গেছে।

গাজার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত উচ্চ মাধ্যমিকের ৪৩০ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ হাজার ৫০০ শিক্ষার্থী।

এখন পর্যন্ত গাজার সাড়ে তিনশ শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া সেখানকার ৩০৭টি স্কুল ভবনের ২৮৬টি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত লোকজনের ওপর ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছে। ওই এলাকাকে নিরাপদ হিসেবে ঘোষণা দিয়েও সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৩৭ হাজার ৪৩১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া আহত হয়েছে আরো ৮৫ হাজার ৬৫৩ জন।

এদিকে বিশ্বজুড়ে ফিলিস্তিনের ওপর মানুষের সমর্থন আগের চেয়ে আরো বাড়তে শুরু করেছে। ইতোমধ্যেই বহু দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে শুরু করেছে। নতুন করে এই তালিকায় এবার যুক্ত হলো আর্মেনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত এপ্রিলে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রস্তাব তোলা হয়। সেখানে ১৯৩টি দেশের মধ্যে ১৪৩টি দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে আর্মেনিয়ার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!