ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
গাজায় ইসরায়েলি হামলার পর থেকে হামাসের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলে নিয়মিত রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এরইমধ্যে রোববার লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবেই সশস্ত্র ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছে।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এর আগে গত শনিবার (২২ জুন) জামা ইসলামিয়া গ্রুপ তাদের কমান্ডার আয়মান গোতমেহের মৃত্যুর খবর ঘোষণা করে। লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা এলাকার খিয়ারায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়।
পরে ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা সেখানে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে, ফজর ফোর্স, জামা ইসলামিয়া সশস্ত্র শাখা এবং হামাসকে অস্ত্র সরবরাহের জন্য দায়ী ছিলেন আয়মান গোতমেহের।
.png)
এদিকে রোববার হিজবুল্লাহ জানিয়েছে যে, তার যোদ্ধারা খিয়ারা শহরে ইসরায়েলি শত্রুদের হাতে তাদের কমান্ডার হত্যার জবাবে বেইত হিলেল ব্যারাকে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে, লেবানন থেকে একটি ড্রোন বেইত হিলেল এলাকায় আঘাত হেনেছে। তবে এই ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।