ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় ৫ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৮, ১৩ জুলাই ২০২৪
ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় ৫ জনের কারাদণ্ড
ফার্নান্দো ভিলাভিসেনসিও - ফাইল ফটো

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যার দায়ে দেশটির অন্যতম বড় অপরাধী চক্রের ৫ সদস্যকে কারাদণ্ড দেয়া হয়েছে। সাবেক সাংবাদিক ও জাতীয় পরিষদের সদস্য ফার্নান্দো গত বছরের আগস্টে রাজধানী কিটোতে নির্বাচনী প্রচারণাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

শনিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লস লোবোস গ্যাংয়ের নেতা কার্লোস অ্যাঙ্গুলো এবং লরা কাস্টিলাকে এই হত্যাকাণ্ড পরিচালনার জন্য ৩৪ বছর আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত আরো দুই পুরুষ ও এক নারীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে কিটোর আদালত।

আদালতের শুনানিতে আইজীবীরা অভিযোগ করেছিলেন, ‘দ্য ইনভিজিবল’ হিসেবে পরিচিত অ্যাঙ্গুলো কিটো কারাগার থেকে ওই হামলার নির্দেশ দিয়েছিলেন। অস্ত্র মামলায় তিনি ৫৪ মাসের কারাদণ্ড ভোগ করছিলেন।

Advertisement

তবে এ অভিযোগ অস্বীকার করে অ্যাঙ্গুলো। তিনি দাবি করেন, ভিলাভিসেনসিও হত্যার ঘটনায় তাকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে।

কাস্তিলার বিরুদ্ধে অভিযোগ, তিনি হত্যার সরঞ্জাম সরবরাহ করেছেন। খুনিদের জন্য তিনি অস্ত্র, অর্থ ও মোটরসাইকেল পাঠিয়েছিলেন।

আঙ্গুলো এবং কাস্তিলা ছাড়াও হত্যাকারীদের সহযোগিতার অভিযোগে কুইটোর একটি আদালত দুই পুরুষ ও এক নারীকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন। তারা হলেন, এরিক রামিরেজ, ভিক্টর ফ্লোরেস ও আলেক্সান্দ্রা শিম্বো। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনজনই ভিলাভিসেনসিও গতিবিধি সম্পর্কে খুনিদের জানিয়েছিলেন।

বিচার চলাকালে ৭০ জনের বেশি মানুষ সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ এক সাক্ষী বলেছেন, ভিলাভিসেনসিওকে হত্যার জন্য ওই অপরাধী চক্রকে ২ লাখ ডলারের বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

নির্বাচনী প্রচারণা চলার সময় ভিলাভিসেনসিও কয়েকবারই হত্যার হুমকি পেয়েছিলেন। এরপরও তিনি প্রচারণা চালাচ্ছিলেন। গত ৯ আগস্ট কুইটোর উত্তরাঞ্চলে একটি স্কুলের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

সংঘবদ্ধ অপরাধী চক্র ও সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগসাজশের অভিযোগ তোলা গুটিকয় প্রার্থীর একজন ছিলেন ভিলাভিসেনসিও।

বিচার চলাকালে কৌঁসুলিরা বলেন, হত্যাকাণ্ডে জড়িত এক ব্যক্তি ঘটনাস্থলেই পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পরে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলম্বিয়ার ছয় নাগরিক গ্রেপ্তার হন। বিচার শুরুর আগে তাদের লিটোরাল কারাগারে আটক রাখা হয়েছিল। পরে সেখানে তাদের প্রত্যেককে মৃত অবস্থায় পাওয়া গেছে।

কৌঁসুলিরা বলেছেন, এ হত্যাকাণ্ড চালাতে লোস লোবোস গ্যাংয়ের সঙ্গে কারা চুক্তি করেছিল, সে বিষয়ে জানতে আলাদা একটি তদন্ত চলছে।

ভিলাবিসেনসিওর স্ত্রী আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এটি তার স্বামীর মৃত্যুর পেছনের পুরো ঘটনা উদ্‌ঘাটনের জন্য এক দীর্ঘ পথের সূচনাপর্বমাত্র।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!