ইয়েমেন উপকূলে ৪৫ শরণার্থী নিয়ে নৌকাডুবি
লোহিত সাগরের ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে ৪৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর মাত্র চারজনের খোঁজ পাওয়া গেছে এবং বাকিরা নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) ইয়েমেনে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যানুযায়ী, প্রবল বাতাস ও অতিরিক্ত মানুষের চাপে নৌকাটি ডুবে গেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। জাতিসংঘের সংস্থাটি আরো জানিয়েছে, তারা জীবিতদের সহায়তা ও সুরক্ষা প্রদানের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাথে কাজ করছে। বাকি শরণার্থীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে, গত জুন মাসে ইয়েমেন উপকূলে সোমালিয়া থেকে আসা ২৬০ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৪৯ জন অভিবাসী মারা যায় এবং ১৪০ জন নিখোঁজ হয়।
.png)
হাজার হাজার অভিবাসী প্রতি বছর হর্ন অব আফ্রিকার (ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া)দেশগুলো থেকে লোহিত সাগরের পথ ধরে উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা একে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসী রুটগুলোর একটি বলে মনে করে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর হর্ন অব আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে এসেছে।