গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৫ জন নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হানাদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৯ শিশু, তিন নারীসহ একটি ফিলিস্তিনি পরিবারের ১৫ জন নিহত হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় ভোরে মধ্য গাজার আল-জাওয়াইদা এলাকায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা হয়।
তিনি বলেন, আজলাহ পরিবারের বাড়ি ও আল-জাওয়াইদায় তাদের গুদামে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছে। তিনি নিহতদের তালিকাও দিয়েছেন, যাদের মধ্যে ৯ শিশু ও তিন নারী রয়েছে।
.png)
মধ্যরাতের পরপরই হামলাটি হয় বলে আহমেদ আবু আল-ঘৌল নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। উদ্ধারকারীরা বাড়িটির ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করে আনার সময় তিনি বলেন, তিনটি রকেট সরাসরি বাড়িটিতে আঘাত হানে। ভেতরে অনেক শিশু ও নারী ছিল।
তবে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ফলে গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর পর এ যুদ্ধ শুরু হয়।
দখলদার ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাসশাসিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা