ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৫, ১২ সেপ্টেম্বর ২০২৪
পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ৬
ফাইল ফটো

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়াও পৃথক তিনটি সন্ত্রাসী হামলার ঘটনায় পোলিও টিকা কর্মসূচীর এক কর্মী ও নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) প্রদেশটির বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এসব হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন শ্রমিকও রয়েছেন।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, বাজাউরের সালারজাই তেহশিলে পোলিও টিকা কর্মসূচীর এক দলের ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দলটির এক কর্মী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হন।

Advertisement

একই জেলার মামুন্দ তেহশিলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা প্রাণ হারান।

আর নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর এক সেনা ও দুই শ্রমিক নিহত হন।

পোলিও টিকা কর্মসূচীর দলটি দুপুরের দিকে সালারজাই তেহশিলের পর্বতময় মালা সাইদ বান্দা এলাকায় কার্যক্রম চালানোর সময় তাদের ওপর হামলা হয়। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, দলটি হেঁটে হেঁটে শিশুদের টিকা দেওয়ার কাজ করছিল, তখন বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দলটির পাহারায় থাকা এক পুলিশ কনস্টেবল ও এক পোলিও টিকা কর্মী নিহত হন।

কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে ওই অঞ্চলে পোলিও টিকা কর্মসূচীর দলগুলোর ওপর হওয়া হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠীগুলো।

বিশ্বের অন্যান্য অঞ্চলে পোলিও প্রায় নির্মূল হলেও পাকিস্তানে এ ভাইরাসটির প্রকোপ এখনও রয়ে গেছে। ভাইরাসটির প্রভাব দূর করার জন্য দেশটি পোলিও টিকা কর্মসূচী শুরু করেছে। এই কর্মসূচী শুরুর পর তৃতীয় দিনে হামলার ঘটনাটি ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!