ছেলের ঘাতককে ক্ষমা করে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাবা
মধ্যপ্রচ্যের দেশ সৌদি আরবে প্রকাশ্যে সবার সামনে ঘোষণা দিয়ে নিজ ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন এক বাবা। ইসলাম ধর্মে জরিমানা বা ‘রক্তের অর্থের’ মাধ্যমে হত্যাকারীকে ক্ষমার বিধান থাকলেও এই বাবা এ ধরনের কোনো অর্থ গ্রহণ করেননি। মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তিনি ছেলের ঘাতককে এমনিই ক্ষমা করে দিয়েছেন।
সংবাদমাধ্যম গাল্ফ নিউজ জানিয়েছে, মহানুভবতার পরিচয় দেওয়া এই বাবার নাম মোহাম্মদ বিন সাগাহ। তিনি সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসিরের বেসার বাসিন্দা।
তিনি উপস্থিত মানুষের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি রক্তের অর্থ হিসেবে এক রিয়ালও নেব না।
.png)
ঘটনাটির সুনির্দিষ্ট তারিখ কিংবা তার ছেলের হত্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও এই মহানুভবতার ঘটনা সৌদি আরবে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদিতে হত্যাকারীকে ক্ষমা করে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে, যা ইসলামী মূল্যবোধের চমৎকার উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। এর আগে এ বছরই আরেক সৌদি বাবা তার ছেলের হত্যাকারীকে মৃত্যুদণ্ডের ঠিক আগে ক্ষমা করে দেন, যা সেসময় ব্যাপক প্রশংসিত হয়েছিল।
ইসলাম ধর্মে ক্ষমাকে বিশেষ মহিমাময় গুণ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআনেও ক্ষমা প্রদর্শনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা সকল মুসলিমকে ক্ষমা প্রদর্শন করতে বলেছেন এবং এমনকি যারা মুসলিম নন, তাদেরও ক্ষমা করে দেওয়ার জন্য উৎসাহিত করেছেন।
মোহাম্মদ বিন সাগাহর এই কর্মকাণ্ড ইসলামী শিক্ষার আলোকে ক্ষমার মহত্বকে আরো একবার তুলে ধরেছে।