ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

লিথুয়ানিয়ায় বাড়ির পাশে বিধ্বস্ত হলো কার্গো বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৩, ২৫ নভেম্বর ২০২৪
লিথুয়ানিয়ায় বাড়ির পাশে বিধ্বস্ত হলো কার্গো বিমান
ছবি: সংগৃহীত

ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লিথুয়ানিয়ায় একটি বাড়ির পাশে কার্গো বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরে দেশটির রাজধানী ভিলনিয়াসের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে। নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজতে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

স্প্যানিশ কার্গো এয়ারলাইন সুইফট এয়ার পরিচালিত বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিতে পণ্য ডেলিভারি সংস্থা ডিএইচএলের মালামাল পরিবহন করা হতো।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে অবতরণের প্রাক্কালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানবন্দরের কাছে একটি বাড়ির পাশে এটি ভেঙে পড়ে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর ওই বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং দুর্ঘটনাস্থল বন্ধ করে দেয়া হয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছে, বিমানটি জার্মানির লেইপজিগ থেকে উড্ডয়ন করে। ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টার দিকে লেইপজিগ বিমানবন্দর থেকে এটি উড্ডয়ন করে। এর দেড় ঘণ্টা পরই বিমানটি বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভিলনিয়ারস বিমানবন্দর থেকে ১.৩ কিলোমিটার দূরে একটি ভবনের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখেছে ফায়ারফাইটাররা।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার কারণ জানা যায়নি। তবে লিথুয়ানিয়ান কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। এছাড়া কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে এমন কোনো তথ্য নেই যা দিয়ে বোঝা যাবে বিমানটি বিধ্বস্তের আগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!